আমেরিকা ও ইজরায়েলের ‘সিংহগর্জন’ রুখতে মরিয়া ইরান

আমেরিকা ও ইজরায়েলের ‘সিংহগর্জন’ রুখতে মরিয়া ইরান

মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযান ‘অপারেশন সিংহগর্জন’-এর পালটা জবাব দিতে কুয়েত, বাহারিন এবং সংযুক্ত আরব আমিরশাহীর মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালাল ইরান। খামেনেইর সেনার স্পষ্ট বার্তা, ‘এটাই দেশ বাঁচানোর সময়’।

আবুধাবি, দুবাই, দোহা এবং রিয়াধের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। যদিও আমিরশাহী দাবি করেছে, তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই পালটা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা আকাশসীমা। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে কাতার এয়ারওয়েজ-সহ একাধিক বিমান সংস্থা তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং প্রতিবেশী দেশগুলো একে একে তাদের আকাশসীমা সিল করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় আত্মসমর্পণ নয়তো মৃত্যু নিশ্চিত। তিনি স্পষ্ট জানান, ইরানের বর্তমান শাসকগোষ্ঠীকে নির্মূল করে সে দেশের সাধারণ মানুষকে মুক্তি দেওয়াই তাঁদের লক্ষ্য। একই সুরে সুর মিলিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। তাঁর দাবি, খামেনেই জমানার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই এই অভিযান। দুই শক্তির সংঘাতের মাঝে এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *