মমতার ভবানীপুরে ভোটার তালিকায় বিশাল কোপ, ৪৭ হাজার নাম বাদ পড়তেই তুঙ্গে রাজনৈতিক তরজা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, এই কেন্দ্র থেকে এক ধাক্কায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া আরও ১৪,১৫৪ জনের নাম বর্তমানে অমীমাংসিত তালিকায় রয়েছে, যা নথি যাচাইয়ের পর বাদ পড়ার তালিকায় যুক্ত হতে পারে।
প্রাথমিকভাবে ভবানীপুরে মোট ভোটার ছিলেন ২,০৬,২৯৫ জন। গত ডিসেম্বরের খসড়া তালিকায় ৪৪,৭৮৬ জনের নাম বাদ গিয়েছিল, চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা আরও বেড়ে ৪৭ হাজার ছাড়িয়ে গেল।
এই বিপুল সংখ্যক ভোটার ছাঁটাই নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন বিজেপি শিবির একে ডুপ্লিকেট ও মৃত ভোটারদের বিদায় হিসেবে দেখছে। শুভেন্দুর আক্রমণাত্মক হুঁশিয়ারি, “দাঁড়ান, পালাবেন না।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, কারও নাম অন্যায়ভাবে বাদ গেলে সংশোধনের সুযোগ রয়েছে, তাই এখনই একে চূড়ান্ত পরিস্থিতি ভাবার কারণ নেই।
২০২১ সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে ৫৮ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন। এখন এই বিশাল সংখ্যক ভোটার বাদ যাওয়ায় আগামী নির্বাচনের সমীকরণ কোন দিকে ঘোরে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।