বাংলায় ভোটার তালিকায় ব্যাপক ছাঁটাই, আরও ৬০ লক্ষ মানুষের নাম কি বাদ পড়তে চলেছে

বাংলায় ভোটার তালিকায় ব্যাপক ছাঁটাই, আরও ৬০ লক্ষ মানুষের নাম কি বাদ পড়তে চলেছে

নিউজ ডেস্ক । পশ্চিমবঙ্গ: রাজ্যের ভোটার তালিকায় বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ার পর, শনিবার প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম কাটা গেল। সব মিলিয়ে এখন পর্যন্ত বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তবে উদ্বেগ বাড়িয়েছে ‘বিচারাধীন’ ক্যাটেগরি। প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নথি এখনও যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। কমিশন সূত্রে খবর, এই বিশাল সংখ্যক ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে বিচারকদের সিদ্ধান্তের ওপর। এখান থেকেও আরও বহু নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এবারের তালিকায় ভোটারদের ‘ডিলিটেড’, ‘বিচারাধীন’ এবং ‘অ্যাপ্রুভড’—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। পদ্ধতিগত ত্রুটি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক থাকলেও কমিশন জানিয়েছে, যেখানে ভুল হয়েছে সেখানে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। ভোটাররা অনলাইনে নিজেদের এপিক নম্বর ব্যবহার করে তালিকায় নাম রয়েছে কি না তা যাচাই করে নিতে পারবেন।

পরবর্তী ধাপে এই ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *