ইরান সংঘাতের আবহে ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমেরিকার অস্ত্রভাণ্ডার এখন সীমাহীন’

ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রণংদেহি মেজাজে ধরা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি দাবি করেছেন, আমেরিকার হাতে বর্তমানে অত্যন্ত উন্নতমানের ‘সীমাহীন’ অস্ত্র মজুত রয়েছে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, মার্কিন সামরিক শক্তি এখন এতটাই শক্তিশালী যে তারা চাইলে অনন্তকাল যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তিনি জো বাইডেনের সমালোচনা করে জানান, পূর্ববর্তী প্রশাসন দেশের সামরিক ভাণ্ডার অবহেলা করলেও তিনি পুনরায় বাহিনীকে শক্তিশালী করেছেন।
ট্রাম্প আরও জানান, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অভিযানের মূল লক্ষ্য মার্কিন সেনা ও ভূখণ্ডের সুরক্ষা এবং হরমুজ প্রণালীতে অবাধ বাণিজ্য নিশ্চিত করা। ইজরায়েলসহ বন্ধু রাষ্ট্রগুলোর আত্মরক্ষার অধিকারকে সমর্থনের পাশাপাশি তিনি কোনো স্থলসেনা মোতায়েন না করেই ইরানের ‘অশুভ কর্মকাণ্ড’ রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে যে কোনো হামলা প্রতিরোধ এবং বড় জয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি বিশ্ববাসীকে সতর্ক করেছেন।