ইরান অভিযানে মার্কিন ব্যয় কয়েক হাজার কোটি, দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

ইরান ও ইজরায়েল সংঘাতের আবহে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমেরিকা। অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই মার্কিন বাহিনীর খরচ হয়েছে প্রায় ৬,৯০০ কোটি টাকা। যুদ্ধজাহাজ মোতায়েন ও আঞ্চলিক ঘাঁটি সক্রিয় করার পেছনেই ব্যয় হয়েছে সিংহভাগ অর্থ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সংঘাত এক মাস বা তার বেশি স্থায়ী হতে পারে, যার ফলে মার্কিন কোষাগারের ওপর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
অন্যদিকে, ২০২৩ সাল থেকে ইজরায়েলকে প্রায় ২১.৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে ইতিমধ্যে আমেরিকার মোট ব্যয়ের পরিমাণ ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। ট্রাম্প কোনো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং ইরানও পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ১৮.৮৭ লক্ষ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।