চিন্নাস্বামীতে ফিরছেন বিরাট কোহলি, আইপিএলের পাঁচটি ম্যাচ খেলবে বেঙ্গালুরু

দীর্ঘ এক বছর পর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরছে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ জানিয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা ঘরের মাঠে পাঁচটি ম্যাচ খেলার অনুমতি পেয়েছে। গত বছর শিরোপা উদযাপনের সময় ঘটে যাওয়া অনভিপ্রেত দুর্ঘটনার পর থেকে এই ভেন্যুতে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। তবে কর্ণাটক সরকার, রাজ্য ক্রিকেট সংস্থা ও পুলিশের বিশেষ সহযোগিতায় আবারও ঘরের মাঠে ফিরছেন বিরাট কোহলিরা।
নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূচি অনুযায়ী, বেঙ্গালুরু তাদের সাতটি হোম ম্যাচের মধ্যে পাঁচটি চিন্নাস্বামীতে এবং বাকি দুটি ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে খেলবে। আরসিবি-র সিইও রাজেশ মেনন জানান, সমর্থকদের আবেগ ও উদ্দীপনা খেলোয়াড়দের বড় অনুপ্রেরণা। ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে পেরে তারা আনন্দিত এবং এই প্রক্রিয়ায় সহায়তাকারী সকল সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।