ভারত মহাসাগরে মার্কিন হামলায় ডুবল ইরানের রণতরী, নিখোঁজ শতাধিক

শ্রীলঙ্কা উপকূলে মার্কিন নৌসেনার সাবমেরিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রতলে তলিয়ে গিয়েছে। ভারত মহাসাগরে ঘটা এই আকস্মিক হামলায় রণতরীটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং জাহাজ থেকে জরুরি ভিত্তিতে সাহায্যের আবেদন জানানো হয়। ট্রাম্প প্রশাসনের এই সামরিক পদক্ষেপের ফলে অঞ্চলটিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রক এবং নৌবাহিনী এই বিপদ সংকেতে দ্রুত সাড়া দিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে উদ্ধার করে গ্যালের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
রণতরীটিতে থাকা মোট ১৮০ জন কর্মীর মধ্যে এখনও ১০১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে শ্রীলঙ্কার নৌবাহিনীর বিশেষ দল এবং বিমান নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের সংখ্যা শতাধিক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত মহাসাগরের এই গুরুত্বপূর্ণ জলসীমায় উদ্ধারকাজ চালাতে গিয়ে কলম্বো আন্তর্জাতিক প্রোটোকল মেনে তাদের দায়িত্ব পালন করছে।