ভোটাধিকার রক্ষায় ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ ধরনা

ভোটাধিকার রক্ষায় ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ ধরনা

বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে আজ শুক্রবার কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক মেট্রো চ্যানেলের সামনে ধরনা-অবস্থান কর্মসূচিতে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবাদী মঞ্চে তাঁর পাশে থাকছেন এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া সাধারণ মানুষ এবং এই প্রক্রিয়া চলাকালীন মৃত ব্যক্তিদের পরিবার। প্রায় ২০ বছর আগে সিঙ্গুর আন্দোলনের স্মৃতিবিজড়িত এই স্থানে নেত্রীর প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

তৃণমূলের অভিযোগ, অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের চক্রান্ত করেছে বিজেপি ও নির্বাচন কমিশন। তালিকায় অনেক জীবিত ব্যক্তিকে ‘মৃত’ হিসেবে দেখিয়ে নাম বাদ দেওয়ার মতো গুরুতর তথ্য সামনে এসেছে। সেই সমস্ত ‘বৈধ ভোটারদের’ একটি অংশ আজ সরাসরি মমতার সঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন। এখান থেকেই কেন্দ্রীয় সরকার ও কমিশনের বিরুদ্ধে নেত্রী কড়া বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বিজেপিকে ‘ছক্কা মেরে মাঠের বাইরে’ পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন মমতা। এদিনের কর্মসূচি কেবল আজই সীমাবদ্ধ থাকবে নাকি দীর্ঘায়িত হবে, তা নিয়ে জনমনে কৌতূহল তুঙ্গে। মূলত বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং ভোটার তালিকায় অসংগতির প্রতিবাদেই এই লড়াই শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আজই চূড়ান্ত ঘোষণা করতে পারেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *