আমেরিকার মাটিতে বড় বিনিয়োগ রিলায়েন্সের, টেক্সাসে তৈরি হচ্ছে বিশাল রিফাইনারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের ব্রাউনসভিলে একটি অত্যাধুনিক অয়েল রিফাইনারি স্থাপনের ঘোষণা করেছেন। এই প্রকল্পে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। ট্রাম্প একে আমেরিকান কর্মীদের জন্য বড় জয় হিসেবে অভিহিত করে জানিয়েছেন, নতুন এই রিফাইনারি মার্কিন জ্বালানি বাজারে সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। ৫০ বছরে এটিই হতে চলেছে আমেরিকার প্রথম নতুন কোনো বড় তেল শোধনাগার।
আমেরিকা ফার্স্ট রিফাইনিংয়ের তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে শুরু হওয়ার কথা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই বিশাল বিনিয়োগের ফলে স্থানীয় পর্যায়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। প্রকল্পটি মার্কিন জ্বালানি খাতের আধিপত্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।