রোপওয়ের তার ছিঁড়ে মর্মান্তিক মৃত্যু! ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণী, আহত ৬

রোপওয়ের তার ছিঁড়ে মর্মান্তিক মৃত্যু! ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণী, আহত ৬

ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় রোপওয়ে ভ্রমণে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক পর্যটক দল। রবিবার সকালে বাঘবাহরা তহসিলের খল্লারি মাতা মন্দিরে নামার সময় হঠাৎই ছিঁড়ে যায় রোপওয়ের প্রধান তার। পাহাড় থেকে ট্রলিটি সরাসরি নিচে আছড়ে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান রায়পুরের বাসিন্দা ২৮ বছর বয়সী আয়ুষি সৎকার। এই ঘটনায় আয়ুষির স্বামী ঋষভ ধাবরে এবং এক শিশুসহ আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, নবরাত্রির ভিড় সামলাতে মাত্র ৪ দিন আগেই অর্থাৎ ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে রোপওয়েটির যান্ত্রিক পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়েছিল। ফিটনেস সার্টিফিকেট পাওয়ার এত অল্প সময়ের মধ্যে কীভাবে তার ছিঁড়ল, তা নিয়ে প্রশাসনের অন্দরে তোলপাড় শুরু হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন রক্ষণাবেক্ষণের নামে কোনও গাফিলতি করা হয়েছিল কি না।

সকাল ১০টা নাগাদ ৭ জন যাত্রী নিয়ে নামার সময় মন্দির চত্বরে আছড়ে পড়ে ট্রলিটি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে এক বিভীষিকাময় পরিস্থিতির ছবি। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বর্তমানে খল্লারি মাতা মন্দিরের রোপওয়ে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতে বারবার রোপওয়ে দুর্ঘটনা যাত্রী নিরাপত্তা ও জাতীয় নীতিমালার প্রয়োজনীয়তাকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *