উত্তরবঙ্গে জনজাতি মহিলাদের সঙ্গে ধামসা মাদল হাতে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়
March 25, 20266:34 am

ডুয়ার্সের রাস্তায় একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের চালসায় পৌঁছে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচে অংশ নেন তিনি। নিজেই কাঁধে তুলে নেন মাদল, মেতে ওঠেন উৎসবে। চা বলয়ের শ্রমিক পরিবারের শিশুদের আদর করা থেকে শুরু করে স্থানীয় চার্চের ফাদার ও সিস্টারদের সঙ্গে জনসংযোগ— সব মিলিয়ে ভোটের মুখে তৃণমূল সুপ্রিমোর এই সফর ডুয়ার্সে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।
তবে সফরের শুরুতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে তিনি অভিযোগ করেন, কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির লোগো ও স্ট্যাম্প ব্যবহার করা হচ্ছে। কমিশন নিরপেক্ষ নয় দাবি করে মমতা বলেন, ব্যাকডোর দিয়ে খেলা না করে সাহস থাকলে সামনে এসে লড়ুন। একের পর এক আধিকারিক বদলি নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।