২০০ ডলার ছাড়াবে অপরিশোধিত তেলের দাম? বিশ্ববাজারে বড়সড় সংকটের অশনিসংকেত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ম্যাকোয়ারি গ্রুপের সাম্প্রতিক সতর্কবার্তায় জানানো হয়েছে, ইরান কেন্দ্রিক সংঘাত দীর্ঘায়িত হলে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম প্রতি ব্যারেলে ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০৭ ডলারের আশেপাশে থাকলেও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিনিয়োগকারী ও ট্রেডারদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, এপ্রিলের শেষ নাগাদ তেলের দাম ১৫০ ডলার স্পর্শ করার সম্ভাবনা প্রবল। ২০০৮ সালের রেকর্ড করা ১৪৭ ডলারের গণ্ডি পেরিয়ে তেলের দাম নতুন উচ্চতায় পৌঁছালে তা বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারত ও অন্যান্য তেল আমদানিকারক দেশগুলোর ওপর এর সরাসরি প্রভাব পড়বে। জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি লাগামছাড়া হওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।