বকেয়া ডিএ মেটানোর নয়া ঘোষণা রাজ্যের তবে হিসেব নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা

পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। গত ১৩ মার্চের ঘোষণা অনুযায়ী দুই দফায় নয় বরং এক দফাতেই ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই অর্থ পাবেন। চতুর্থ শ্রেণির কর্মী এবং পেনশনভোগীরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেলেও অন্যান্য কর্মীদের ক্ষেত্রে এই অর্থ জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে যা নির্দিষ্ট শর্তসাপেক্ষে দুই বছর পর তোলা যাবে।
সরকারের এই সিদ্ধান্তে খুশি হওয়ার বদলে হিসেবে গরমিলের অভিযোগে সরব হয়েছেন ডিএ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার ইনডেক্স মেনে প্রাপ্য টাকার তুলনায় অনেক কম দিচ্ছে রাজ্য। আন্দোলনকারীদের অভিযোগ যেখানে সরকারের ১০০ টাকা দেওয়ার কথা সেখানে মাত্র ৫৩ টাকা দেওয়া হচ্ছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে এই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন কর্মীরা।