প্যান কার্ড নিয়ে ১ এপ্রিল থেকে আসছে ৪টি বড় বদল, যা আপনার পকেটে প্রভাব ফেলবে

আগামী ১ এপ্রিল থেকে আয়কর সংক্রান্ত নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র যা সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনে সরাসরি প্রভাব ফেলবে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে তাৎক্ষণিক ই-প্যান পাওয়ার সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে এবং প্যান আবেদনের জন্য জন্ম শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও কোনো আর্থিক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান নম্বর প্রদান করা এখন থেকে বাধ্যতামূলক হতে চলেছে যা মূলত বড় অংকের আমানত ও উত্তোলনের স্বচ্ছতা নিশ্চিত করবে।
যানবাহন ক্রয় এবং হোটেল-রেস্তোরাঁর বিল মেটানোর ক্ষেত্রেও নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি বা মোটরবাইক কিনলে প্যান কার্ড জমা দেওয়া আবশ্যিক করা হচ্ছে। একইভাবে হোটেল বিল বা রেস্তোরাঁয় খাওয়ার খরচ ১ লক্ষ টাকা ছাড়িয়ে গেলে প্যান নম্বর প্রদান করতে হবে যা আগে ভিন্ন ছিল। তবে ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিয়ে জানানো হয়েছে যে বছরে ১০ লক্ষ টাকার কম নগদ লেনদেনের জন্য প্যানের প্রয়োজন হবে না যা সাধারণ মানুষের প্রাত্যহিক দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে।