ওয়াংখেড়েতে হার্দিকের মুম্বই বনাম কেকেআর দ্বৈরথে বড় চমক সূর্যকুমার যাদব

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তবে বড় চমক হলো ভারতের বিশ্বজয়ী টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে মূল একাদশে না রেখে ইমপ্যাক্ট সাব হিসেবে রাখা হয়েছে। রান তাড়া করার সময় তাঁকে মাঠে নামানো হতে পারে। অন্যদিকে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই খেলছেন, যা কেকেআর শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
মুম্বইয়ের হয়ে এই ম্যাচে অভিষেক ঘটছে আফগান স্পিনার গজনফরের, সঙ্গে রয়েছেন শার্দুল ঠাকুর ও ট্রেন্ট বোল্ট। বোলিং আক্রমণে জসপ্রীত বুমরাহর সঙ্গী হিসেবে দেখা যাবে তাঁদের। ২০১২ সালের পর থেকে টানা ১৩টি মরশুম উদ্বোধনী ম্যাচে হারের রেকর্ড বদলাতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে নাইটদের বিরুদ্ধে রোহিত শর্মার ১,০০০ রানের দুর্দান্ত রেকর্ড আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আলাদা মাত্রা যোগ করবে।