ভোটের মুখে উত্তপ্ত রাজারহাট নিউটাউন বিজেপি প্রার্থীর পথ আটকে গো ব্যাক স্লোগান

রাজারহাট নিউটাউনের ৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পীযূষ কানুড়িয়ার প্রচারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নারায়ণপুরের গোপালপুর হাউসিং এলাকায় প্রার্থী পৌঁছাতেই স্থানীয়রা ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ উঠেছে, প্রতিবাদরত মহিলাদের হেনস্তা ও ধাক্কাধাক্কি করেছেন বিজেপি সমর্থকরা, যার ফলে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আমফান বা করোনার মতো সংকটের সময়ে বিজেপির কোনো নেতাকে পাশে পাওয়া যায়নি। দীর্ঘ পাঁচ বছর পর ভোটের মুখে এলাকায় পতাকা লাগানো এবং জোরপূর্বক প্রবেশের চেষ্টার বিরুদ্ধেই এই গণবিক্ষোভ। অন্যদিকে, বিক্ষোভের মুখে পিছু না হটে পালটা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী। রাজনৈতিক মহলের মতে, বারবার প্রচারের সময় এমন জনরোষের মুখে পড়ায় এই কেন্দ্রে বিজেপির জয় কার্যত বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।