পার্ক স্ট্রিটে রহস্যময় বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার ভোটের মুখে হুলুস্থুল কলকাতায়

ভোটের আবহে খাস কলকাতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। পার্ক স্ট্রিট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা প্রায় সাড়ে ৪ কোটি টাকার বিদেশি কারেন্সি বাজেয়াপ্ত করেছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে।
গোপন সূত্রে খবর পেয়ে আয়কর বিভাগ পার্ক স্ট্রিট থানা এলাকায় তল্লাশি শুরু করে। অভিযানে ৪.৭৫ লক্ষ মার্কিন ডলার এবং ৩ লক্ষ থাইল্যান্ডের মুদ্রা (থাই ভাট) উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৪ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা।
ঘটনার সময় তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এই বিপুল পরিমাণ অর্থের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। এরপরই তদন্তকারীরা ওই তিনজনকে আটক করেন। নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পর থেকেই কেন্দ্রীয় সংস্থাগুলি আর্থিক লেনদেনের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। ভোটের আগে এত টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল শিকড়ে পৌঁছানোর চেষ্টা চলছে।