ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ যাওয়ার অভিযোগে রণক্ষেত্র মালদা

ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ যাওয়ার অভিযোগে রণক্ষেত্র মালদা

মালদা জেলায় ভোটার তালিকা থেকে কয়েক হাজার মানুষের নাম বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম উত্তেজনা ছড়াল। এদিন সকালে জেলার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই পরিকল্পিতভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শুধুমাত্র নারায়ণপুর নয়, মালদার মানিকচক ও ইংরেজবাজার এলাকা থেকেও একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। দফায় দফায় এই পথ অবরোধের জেরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই গণবিক্ষোভের সরাসরি প্রভাব পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী পরিবহণ ব্যবস্থার ওপর। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় কলকাতা থেকে শিলিগুড়িগামী এবং শিলিগুড়ি থেকে কলকাতামুখী কয়েকশো যানবাহন আটকা পড়ে যায়। ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাতায়াত ব্যবস্থায় প্রবল যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালালেও এখনো এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *