পশ্চিমবঙ্গ দেশের সবচেয়ে মেরুকরণ হওয়া রাজ্য সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা

পশ্চিমবঙ্গের বিচারবিভাগীয় ব্যবস্থার ওপর হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। মালদায় বিচারবিভাগীয় আধিকারিকদের আটক ও ঘেরাও করার ঘটনাকে কেন্দ্র করে বুধবার শীর্ষ আদালত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম ‘মেরুকরণ হওয়া রাজ্য’ হিসেবে অভিহিত করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ধরনের পরিস্থিতি বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও মর্যাদার পরিপন্থী।
আদালত জানিয়েছে যে মালদহের এই অপ্রীতিকর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল পূর্ব পরিকল্পিত ও ইচ্ছাকৃত। শীর্ষ আদালতের মতে, নির্বাচনী প্রক্রিয়াকে বিপথে চালিত করার উদ্দেশ্যেই এই ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রধান বিচারপতি। আইনের শাসন বজায় রাখতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে বিচারব্যবস্থার কাজে বাধা দেওয়া বা আধিকারিকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। গণতান্ত্রিক কাঠামোয় বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছে আদালত। মালদহের এই ঘটনাটি প্রশাসনের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে শীর্ষ আদালত সরাসরি রাজ্যের আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করল।