বালতিতে ডুবে শিশুর মৃত্যু, সন্তানহারা মায়ের চরম সিদ্ধান্ত প্রকাশ্যে

বালতিতে ডুবে শিশুর মৃত্যু, সন্তানহারা মায়ের চরম সিদ্ধান্ত প্রকাশ্যে

বেঙ্গালুরুর চন্দ্রা লেআউট থানা এলাকার ভৈরবশ্বর নগরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ১১ মাস বয়সী শিশুপুত্র অগস্ত্যের অকাল মৃত্যু সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন তার মা প্রতিভা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২৯ বছর বয়সী প্রতিভা বাড়িতে থেকেই অফিসের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তিনি ছাদে জামাকাপড় তুলতে গিয়েছিলেন, তখনই বাথরুমে রাখা জলের বালতিতে পড়ে ডুবে মৃত্যু হয় শিশুটির।

ছাদ থেকে ফিরে এসে সন্তানকে নিথর অবস্থায় উদ্ধার করেন প্রতিভা। এই আকস্মিক দুর্ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজেকেই ছেলের মৃত্যুর জন্য দায়ী করতে থাকেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চরম সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিভা ১৫টি ঘুমের ওষুধ খেয়েছিলেন এবং নিজের হাতের শিরা কাটারও চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত কোনো কিছুতেই কাজ না হওয়ায় তিনি সিলিং ফ্যানের সাহায্যে আত্মহত্যার পথ বেছে নেন।

রাতে প্রতিভার স্বামী মহান্তেশ কর্মস্থল থেকে ফিরে দরজা বন্ধ দেখে বিকল্প চাবি দিয়ে ঘরে ঢোকেন। ভেতরে ঢুকে তিনি দেখেন বিছানায় পড়ে রয়েছে শিশুটির নিথর দেহ এবং ঘর থেকে উদ্ধার হয় প্রতিভার ঝুলন্ত দেহ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে প্রতিভা স্পষ্ট ভাষায় লিখে গিয়েছেন যে তিনি তার সন্তানের মৃত্যুর জন্য নিজেকেই অপরাধী মনে করছেন এবং তাকে বাঁচাতে না পারার অনুশোচনা থেকেই এই পথ বেছে নিচ্ছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্থানীয় পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *