৯ কোটির চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবের ভাগ্য নির্ধারণ করবে দিল্লি হাইকোর্ট

বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় রায় সংরক্ষিত রাখল দিল্লি হাইকোর্ট। দীর্ঘ শুনানির পর বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এই সিদ্ধান্ত নিয়েছেন। ঋণ পরিশোধের বিষয়ে রাজপাল যাদব এবং তাঁর আইনজীবীর দেওয়া তথ্যের মধ্যে ব্যাপক অসঙ্গতি লক্ষ্য করে আদালত চরম অসন্তোষ প্রকাশ করেছে। ঋণের অর্থ পরিশোধের জন্য অভিনেতা আদালতের কাছে আরও ৩০ দিন সময় চেয়েছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
বিচারপতি শর্মা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যে, আদালতের সহমর্মিতাকে যেন রাজপাল তাঁর দুর্বলতা বলে ভুল না করেন। ইতিমধ্যে এই মামলায় ১১ দিন জেল খেটেছেন অভিনেতা। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রাজপালকে আর কোনো বাড়তি সময় দেওয়া সম্ভব নয়। তাঁর বারবার বয়ান বদল এবং অর্থ পরিশোধে বিলম্ব করার প্রবণতাকে আদালত ইতিবাচকভাবে দেখছে না।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবির জন্য ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সেই ঋণের কিস্তি এবং সুদ মিলিয়ে অর্থের পরিমাণ এখন ৯ কোটিতে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ধরে আইনি লড়াই চললেও পাওনাদারের বকেয়া মেটাতে ব্যর্থ হয়েছেন তিনি। দিল্লি হাইকোর্টের বর্তমান অবস্থানের পর অভিনেতার আইনি বিপদ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আদালতের রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত আপাতত স্থগিত থাকছে তাঁর ভবিষ্যৎ।