বিশ্বের তাবড় দেশগুলোকে অস্ত্র বেচে রেকর্ড আয় ভারতের, রপ্তানি তালিকায় ৮০টিরও বেশি দেশ

বিশ্বের তাবড় দেশগুলোকে অস্ত্র বেচে রেকর্ড আয় ভারতের, রপ্তানি তালিকায় ৮০টিরও বেশি দেশ

প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে অনন্য এক উচ্চতায় পৌঁছেছে ভারত। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের মোট প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮,৪২৪ কোটি টাকায়। গত বছরের ২৩,৬২২ কোটি টাকার তুলনায় এই বৃদ্ধির হার প্রায় ৬২.৬৬ শতাংশ। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্যানুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় খাতের সম্মিলিত প্রচেষ্টায় ভারত আজ আন্তর্জাতিক বাজারে এক শক্তিশালী সরবরাহকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকারি সংস্থাগুলো মূলত গোলাবারুদ ও টর্পেডো রপ্তানিতে জোর দিলেও বেসরকারি সংস্থাগুলো ড্রোন ও বুলেটপ্রুফ জ্যাকেটের বাজারে বড় সাফল্য পেয়েছে।

ভারত এখন আর কেবল ক্ষুদ্রাস্ত্র নয়, বরং ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং পিনাকা রকেট লঞ্চারের মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বিদেশে পাঠাচ্ছে। এছাড়াও এই তালিকায় রয়েছে ডর্নিয়ার-২২৮ বিমান, সাঁজোয়া যান, বিশেষ যুদ্ধজাহাজ এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম। বর্তমানে ভারত বিশ্বের ৮০টিরও বেশি দেশে এই সরঞ্জামগুলো সরবরাহ করছে। এই বিশাল কর্মযজ্ঞে বর্তমানে দেশে নথিভুক্ত প্রতিরক্ষা রপ্তানিকারকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫-এ, যা ভারতের ক্রমবর্ধমান উৎপাদন ক্ষমতারই প্রতিফলন।

ভারতের এই প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান ক্রেতাদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আর্মেনিয়া। এ ছাড়াও ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিশর, ইসরায়েল ও জার্মানির মতো দেশগুলো নিয়মিত ভারতীয় প্রযুক্তির ওপর ভরসা রাখছে। গত পাঁচ বছরে প্রতিরক্ষা রপ্তানির মূল্য প্রায় তিন গুণ বৃদ্ধি পাওয়ায় ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের বিশ্বজনীন সাফল্য আজ প্রমাণিত। উন্নত প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্বজুড়ে ভারতীয় সমরাস্ত্রের চাহিদা এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *