পশ্চিমবঙ্গে ভোট অবাধ করতে কড়া নির্দেশ, নির্বাচনী আধিকারিকের বাড়ল নাকা চেকিং ও নজরদারি

রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের পুলিশ এবং জেনারেল অবজার্ভারদের নিয়ে বিশেষ বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এই বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে যে, মনোনয়নপত্রের স্ক্রুটিনি বা পরীক্ষার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনও প্রকার অসঙ্গতি বা সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নির্বাচন কমিশনের সদর দফতরে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার রাজপথে নাকা চেকিং আরও জোরদার করার পাশাপাশি প্রতিদিনের রিপোর্ট নিয়মিত আপলোড করার বিষয়েও কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠকে নগদ অর্থ উদ্ধারে পুলিশের সক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশেষ করে ভবানীপুরের রাজনৈতিক অস্থিরতা এবং অবাধে ১৪৪ ধারা জারি করার যৌক্তিকতা নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে জবাব তলব করা হয়েছে। অবজার্ভারদের কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে। শহরজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনী বিধিভঙ্গ রুখতে প্রশাসনকে আরও তৎপর হতে বলা হয়েছে।
অন্যদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় রাজ্য প্রশাসনের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। এই ঘটনায় কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে এবং কতজনকে গ্রেফতার করা হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ৫ এপ্রিলের মধ্যে কমিশনকে জানাতে হবে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর ইতিমধিই চিঠি দিয়ে কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে। নির্বাচনের প্রাক্কালে শহর কলকাতার নিরাপত্তা নিশ্চিদ্র করতে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।