তাপদাহে নাজেহাল পড়ুয়ারা, সরকারি স্কুলের সময়সূচিতে আমূল বদল আনল রাজ্য সরকার

রাজ্যজুড়ে ক্রমবর্ধমান গরম এবং তাপপ্রবাহের হাত থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে বড়সড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। আগামী ৬ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলে পঠন-পাঠন চলবে সকালের শিফটে। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে স্কুল খুলবে এবং ছুটি হবে দুপুর ১২টা ২০ মিনিটে। দুপুরের তীব্র দাবদাহ এড়িয়ে পড়ুয়ারা যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্কুলের সময় বদলানোর পাশাপাশি মিড-ডে মিলের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত মিড-ডে মিলের সময় নির্ধারণ করা হয়েছে। তবে যেসব স্কুলে পড়ুয়া সংখ্যা অনেক বেশি, সেখানে ভিড় এড়াতে দুই দফায় খাবার পরিবেশন করতে পারবেন প্রধান শিক্ষকরা। এতে পড়ুয়াদের দীর্ঘক্ষণ রোদে বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।
স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে জেলা শাসকদের হাতেও বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। যদি কোনও নির্দিষ্ট জেলায় গরমের তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে জেলা শাসকরা চাইলে স্কুলের সময়সূচিতে আরও প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারবেন। উল্লেখ্য, এই মর্নিং শিফটের নিয়মটি শুধুমাত্র গরমের ছুটি শুরু হওয়ার আগে পর্যন্ত কার্যকর থাকবে। গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুল পুনরায় আগের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে।