আমিত্বের পাঁচালী পড়তে পড়তে মুখ্যমন্ত্রী হয়তো গৌড় সাম্রাজ্যও, নিজের দাবি করবেন শুভেন্দুর তীব্র কটাক্ষ

আমিত্বের পাঁচালী পড়তে পড়তে মুখ্যমন্ত্রী হয়তো গৌড় সাম্রাজ্যও, নিজের দাবি করবেন শুভেন্দুর তীব্র কটাক্ষ

পূর্ব বর্ধমান ও নদীয়ায় নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের একগুচ্ছ উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির সংস্কার থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বারবার ‘তৈরি করে দিয়েছি’ বা ‘করে দিয়েছি’ বলতে শোনা যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকেই হাতিয়ার করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী চতুর্দিকে কেবল ‘আমিত্বের পাঁচালী’ এবং ‘মিথ্যের বেসাতি’ করছেন।

বিরোধী দলনেতা একটি ভিডিও ক্লিপ শেয়ার করে মুখ্যমন্ত্রীর দাবিগুলিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। বক্রেশ্বর শিব মন্দির, কঙ্কালীতলা সতীপীঠ কিংবা জল্পেশ শিব মন্দিরের মতো প্রাচীন মন্দিরগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর দাবির সমালোচনা করে শুভেন্দু বলেন, এগুলি তিনি করেননি তা সকলেই জানে। এমনকি কালীঘাটের স্কাইওয়াক প্রসঙ্গে তাঁর দাবি, এটি মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের সিএসআর (CSR) তহবিল থেকে করা হয়েছে। অজস্র মিথ্যার মধ্যে মুখ্যমন্ত্রী নিজেকে জাহির করতে ব্যস্ত বলে অভিযোগ বিরোধী দলনেতার।

কটাক্ষের সুর আরও তীব্র করে শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে মুখ্যমন্ত্রী সব নিজের কৃতিত্ব বলে দাবি করছেন, তাতে আশ্চর্যের কিছু নেই যদি তিনি ভবিষ্যতে দাবি করে বসেন যে গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়। পাশাপাশি, জনসভা থেকে মতুয়া সমাজের আরাধ্য গুরুকে ডাকার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সম্বোধন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শুভেন্দুর মতে, পরাজয়ের আশঙ্কায় মুখ্যমন্ত্রী এখন জনসভা থেকে সাংবিধানিক পদাধিকারীদের অপমান এবং ক্রমাগত মিথ্যাচার করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *