মালদায় এসআইআর তালিকায় নাম বাতিলের জেরে যুবকের আত্মহত্যা, কাঠগড়ায় নির্বাচন কমিশন

মালদা জেলার সাহাপুরে এসআইআর (SIR) প্রক্রিয়ায় নাম বাতিলের জেরে এক যুবকের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম কাবিল শেখ (৩৭), যিনি মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের পাথার মাধাইপুর এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি ধানজমিতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পেশায় কৃষক কাবিল শেখের মৃত্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তার পরিবার। স্বজনদের দাবি, এসআইআর-এর সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাতিলের মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, কাবিলরা চার ভাই এবং এসআইআর প্রক্রিয়ায় তাদের প্রত্যেকের নামই বিচারাধীন তালিকায় ছিল। কিন্তু রবিবার রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্টে দেখা যায় যে, তাদের চারজনের নামই ‘ডিলিটেড’ বা বাতিল হয়ে গেছে।
মৃতের দাদা মিরাজুল হকের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই কাবিল প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিলেন এবং এর জন্য চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। রবিবার রাতে নাম বাতিলের খবর পাওয়ার পর তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন এবং রাত থেকেই নিখোঁজ ছিলেন। সোমবার সকালে মাঠের মধ্যে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মিরাজুল হকের দাবি, এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশন দায়ী এবং এর ফলে একটি গোটা পরিবার অসহায় হয়ে পথে বসল।
মৃত যুবকের পরিবারে বর্তমানে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই নাবালক সন্তান রয়েছে। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। যুবকের আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।