স্কুলছাত্রীকে অপহরণ করে শ্মশানে শ্রীলতাহানি, প্রতিবেশী যুবকের লালসার শিকার নাবালিকা

পাঞ্জাবের লুধিয়ানায় এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে শ্মশানে নিয়ে গিয়ে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জিলাটির জামালপুর থানা এলাকার সাহিবানা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। জানা গিয়েছে, ১ এপ্রিল সকালে ১৪ বছর বয়সী ওই নাবালিকা স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী ৩৫ বছর বয়সী নীরজ কুমার তাকে পথ আটকায়। এরপর খুনের হুমকি দিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় অভিযুক্ত।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত নীরজ ওই কিশোরীকে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিয়ের জন্য চাপ দিতে থাকে। নাবালিকা তাতে রাজি না হওয়ায় তাকে স্থানীয় একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়। নির্যাতনের পর অভিযুক্ত ওই ছাত্রীকে পাড়ার কাছাকাছি ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
বাড়ি ফিরে আতঙ্কিত কিশোরী তার মাকে সব কথা খুলে বললে পরিবারের পক্ষ থেকে দ্রুত থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত নীরজ কুমারের বিরুদ্ধে পকসো (POCSO) আইনসহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নারী ও শিশু সুরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য চিরুনি তল্লাশি শুরু হয়েছে।