ঘুমন্ত যুবকের বুকে লেপ্টে আদর করছে বাঁদর! ঘুম ভাঙতেই যুবকের আর্তনাদ সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নানা অদ্ভুত ভিডিও ভাইরাল হয়, তবে সম্প্রতি ইনস্টাগ্রামে যে দৃশ্যটি সামনে এসেছে তা দেখে নেটিজেনরা একইসঙ্গে অবাক ও হাসিতে আত্মহারা। নিজের বাড়ির ছাদে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন এক যুবক। কিন্তু মাঝরাতে ঘুম ভাঙতেই তাঁর চক্ষু চড়কগাছ। তিনি দেখেন, কোনো এক অপরিচিত বাঁদর ঠিক ছোট শিশুর মতো তাঁর বুকের ওপর নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ফোল্ডিং খাটে যুবক শুয়ে আছেন এবং একটি বাঁদর তাঁকে জাপ্টে ধরে বুকের ওপর শুয়ে আছে। ঘুম ভেঙে যাওয়ার পর যুবক চরম আতঙ্কে নিজেকে ভিডিওতে রেকর্ড করতে থাকেন। তাঁকে বলতে শোনা যায়, “দয়া করে কেউ রেসকিউ টিম পাঠান! আমি রাতে ছাদে ঘুমাতে এসেছিলাম, জানি না এই বাঁদরটি কোথা থেকে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমার খুব ভয় লাগছে, ও যদি আমায় কামড়ে দেয়!”
এই মজাদার ভিডিওটি @jiva_fittnes_ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ইতিমধ্যেই এটি ২৪ লক্ষেরও বেশি ভিউ কুড়িয়েছে। ভিডিওটির কমেন্ট বক্সে রসিকতার ঝড় বয়ে গেছে। কেউ মজা করে লিখেছেন, “অভিনন্দন, আপনি মা হয়েছেন!” আবার কেউ লিখেছেন, “ঘুম থেকে উঠে যুবক নিশ্চয়ই ভেবেছিলেন স্বয়ং হনুমানজি দর্শন দিতে এসেছেন।” ভয়ের চেয়ে এই ভিডিওর হাস্যকর দিকটিই এখন সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।