রাহুলের মৃত্যুতে উত্তাল টলিপাড়া, সুরক্ষা ইস্যুতে রাজ চক্রবর্তীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই স্তব্ধ টালিগঞ্জ। দিঘার তালসারিতে শুটিং চলাকালীন এই দুর্ঘটনার জেরে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মবিরতির ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম। যখন গোটা স্টুডিও পাড়া সুরক্ষার দাবিতে সোচ্চার, ঠিক তখনই পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীর ভিন্নধর্মী মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজের দাবি, শুটিংয়ে সুরক্ষা বিধি ছিল না—এমন অভিযোগ মানা সম্ভব নয়। তার মতে, এতদিন নিয়ম মেনেই কাজ হয়েছে, তবে এই দুর্ঘটনা সবার চোখ খুলে দিয়েছে।
রাজ চক্রবর্তীর এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেন ও টলিপাড়ার একাংশ। প্রশ্ন উঠেছে, যদি পর্যাপ্ত নিরাপত্তা থাকত, তবে কেন পুলিশের অনুমতি ছাড়া সমুদ্রের বিপজ্জনক এলাকায় শুটিং করা হচ্ছিল? একদিকে যখন রাজ সুরক্ষার স্বপক্ষে সওয়াল করছেন, তখন তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আর্টিস্ট ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে। এই বৈপরীত্য নিয়েও সমাজমাধ্যমে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। বর্তমানে টলিপাড়ার বড় অংশ সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে অনড়।
এদিকে রাহুলের আকস্মিক প্রয়াণের জেরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। আর্টিস্ট ফোরাম স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন না পর্যন্ত একটি নির্দিষ্ট এসওপি (SOP) বা সুরক্ষা বিধি স্বাক্ষরিত হচ্ছে, ততদিন এই কর্মবিরতি জারি থাকবে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে মেগা সিরিয়াল থেকে শুরু করে সিনেমার কাজ। টলিউডের ইতিহাসে এই ঘটনা এক বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে।