হাওড়া স্টেশনে ঝালমুড়ি উৎসব এবং প্রধানমন্ত্রীর সেই স্মৃতি উস্কে অভিনব জয়োল্লাস বিজেপির!

রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ের প্রভাবে উত্তাল বাংলা। দিকে দিকে বিজয় উৎসবের নানা ছবি ধরা পড়লেও মঙ্গলবার হাওড়া স্টেশনে দেখা গেল এক সম্পূর্ণ ভিন্নধর্মী উদযাপন। ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের হাতে ঝালমুড়ির ঠোঙা তুলে দিয়ে জয়ের আনন্দ ভাগ করে নিলেন একদল উৎসাহী বিজেপি সমর্থক। স্লোগান আর আবিরের বদলে এই ‘মুড়ি উৎসবে’ শামিল হলেন সাধারণ যাত্রীরাও।
প্রধানমন্ত্রীর সেই ঝাড়গ্রাম সফর ও সাম্যের বার্তা
ঝালমুড়ি বিতরণের পেছনে রয়েছে একটি বিশেষ প্রতীকী কারণ। সমর্থকদের দাবি, নির্বাচনী প্রচারের সময় ঝাড়গ্রামে রাস্তার ধারের একটি সাধারণ দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘটনার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হওয়ার বার্তা দিয়েছিলেন। সমর্থকদের মতে, প্রধানমন্ত্রীর কাছে ধনী-দরিদ্র বা ছোট-বড় পদের কোনও ভেদাভেদ নেই, প্রত্যেকেই সমান। সেই আদর্শকে জনমানসে ছড়িয়ে দিতেই এদিন স্টেশনের সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিলি করা হয়।
জয়ের উন্মাদনার মাঝে এমন সৌজন্যমূলক ও অভিনব পদক্ষেপ স্টেশনে উপস্থিত সাধারণ মানুষের নজর কেড়েছে। রাজনৈতিক মহলের মতে, এই ধরণের কর্মসূচি কেবল রাজনৈতিক বিজয় উদযাপন নয়, বরং জনমানসে দলের সংযোগ আরও মজবুত করতে সাহায্য করে। প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের প্রতি এই শ্রদ্ধা প্রদর্শন তৃণমূল স্তরে সমর্থকদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।