নির্বাচন কমিশন না বিজেপির দলদাস, নন্দীগ্রামে সিইওর সফর ঘিরে বিস্ফোরক কুণাল ঘোষ

নির্বাচন কমিশন না বিজেপির দলদাস, নন্দীগ্রামে সিইওর সফর ঘিরে বিস্ফোরক কুণাল ঘোষ

রাজ্য রাজনীতিতে ফের উত্তপ্ত আবহ। এসআইআর-এর নিষ্পত্তি হওয়া নামের তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানউতোর। এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। দলের তরফে কুণাল ঘোষ দাবি করেন, নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির ‘দলদাসে’ পরিণত হয়েছে। তাঁর মতে, বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই কমিশনের একাংশ সক্রিয় ভূমিকা পালন করছে।

এদিন কুণাল ঘোষের নিশানায় ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) সাম্প্রতিক নন্দীগ্রাম সফর। কুণাল অভিযোগ করেন, নন্দীগ্রামে সফরের সময় সিইও-র সঙ্গে বিজেপির কালীচরণপুর এলাকার এক অঞ্চল কো-অর্ডিনেটরকে দেখা গিয়েছে। একজন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধির এমন উপস্থিতি প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলে তিনি মনে করেন।

তৃণমূল নেতৃত্বের দাবি, নন্দীগ্রামের মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করে। কুণাল ঘোষের কথায়, “মুখ্য নির্বাচনী আধিকারিক যেভাবে বিজেপির কো-অর্ডিনেটরের মতো ঘুরছেন, তাতে জনগণের আস্থা বিঘ্নিত হচ্ছে।” মূলত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই তরজা এখন চরম আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *