৩৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, ইডি-র জালে আল ফলাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান

৩৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, ইডি-র জালে আল ফলাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান

ছাত্রদের সাথে আর্থিক জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আল ফলাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকীর প্রায় ৩৯.৪৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এই সম্পত্তির মধ্যে রয়েছে দিল্লির জামিয়া নগরের একটি আবাসন, ফরিদাবাদের ধৌজ এলাকায় কৃষিজমি এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, পিএমএলএ আইনের অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার সাময়িক নির্দেশ জারি করা হয়েছে। ৬১ বছর বয়সী সিদ্দিকী বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এর আগেও এই মামলায় ইউনিভার্সিটির প্রায় ১৪০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছিল ইডি।

উল্লেখ্য, ফরিদাবাদের এই ইউনিভার্সিটিটি নিরাপত্তা সংস্থাগুলির নজরে আসে ২০২৫ সালের নভেম্বরে লাল কেল্লা সংলগ্ন এলাকায় হওয়া একটি বিস্ফোরণ কাণ্ডের তদন্ত চলাকালীন। সেই সময় একটি ‘হোয়াইট কলার’ জঙ্গি মডিউলের যোগসূত্র খুঁজে পান তদন্তকারীরা। অভিযোগ উঠেছে, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে আল ফলাহ চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্রদের থেকে প্রায় ৪১৫.১০ কোটি টাকা সংগ্রহ করেছিল, যার একটি বড় অংশ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। এছাড়া ভুয়ো নথিপত্র ব্যবহার করে জমি দখলের মতো গুরুতর অভিযোগও রয়েছে সিদ্দিকীর বিরুদ্ধে। বর্তমানে ইডি এই বিপুল পরিমাণ অর্থ লেনদেনের পেছনের উৎস এবং এর সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *