রাজস্থান ছেড়ে কি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেবেন বৈভব সূর্যবংশী? বড় তথ্য ফাঁস করলেন প্রাক্তন নির্বাচক

রাজস্থান ছেড়ে কি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেবেন বৈভব সূর্যবংশী? বড় তথ্য ফাঁস করলেন প্রাক্তন নির্বাচক

আইপিএলের মঞ্চে এখন শুধু একটাই নাম—বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই রাজস্থান রয়্যালসের জার্সিতে ২২ গজে আগুন ঝরাচ্ছেন এই বিস্ময় প্রতিভা। তবে সাম্প্রতিক জল্পনা অনুযায়ী, রাজস্থানের এই সম্পদকে খুব শীঘ্রই নিজেদের ডেরায় টেনে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। জাতীয় দলের প্রাক্তন নির্বাচক যতীন পরাঞ্জাপের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই এই মুহূর্তে ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল।

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ফের একবার নিজের জাত চিনিয়েছেন বৈভব। জশপ্রীত বুমরাহর মতো বিশ্বসেরা বোলারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ১৩ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচের আগেই যতীন পরাঞ্জাপে ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, ‘বৈভব আজ তার ভবিষ্যতের দলের বিরুদ্ধে খেলতে চলেছে।’ যতীনের সঙ্গে রোহিত শর্মার সুসম্পর্ক এবং নির্বাচক হিসেবে তাঁর অভিজ্ঞতার কারণে এই মন্তব্যকে নিছক জল্পনা হিসেবে উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা। অনেকের মতে, আম্বানিরা এই তরুণ তুর্কিকে দলে নিতে বড় অঙ্কের অর্থ খরচ করতে প্রস্তুত।

মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই তরুণ প্রতিভা অন্বেষণে সিদ্ধহস্ত। হার্দিক পাণ্ডিয়া, জশপ্রীত বুমরাহ বা তিলক বর্মারা মুম্বইয়ের ‘স্কাউটিং’ সিস্টেমের মাধ্যমেই মহাতারকা হয়ে উঠেছেন। ২০২৩ সালে মোটা অঙ্কের বিনিময়ে হার্দিককে গুজরাট থেকে ফিরিয়ে আনার নজিরও রয়েছে তাদের। সেই পথ অনুসরণ করে বৈভবকেও কি নীল-জার্সিতে দেখা যাবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

যদিও বৈভবকে দলে পাওয়া মুম্বইয়ের জন্য খুব একটা সহজ হবে না। ২০২৪ সালের নিলামে ১.১ কোটি টাকায় রাজস্থান রয়্যালস তাঁকে দলে নেয়। বৈভবের বর্তমান পারফরম্যান্স এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে রাজস্থান তাঁকে সহজে হাতছাড়া করতে চাইবে না। আপাতত বিষয়টি জল্পনার স্তরে থাকলেও, যতীন পরাঞ্জাপের মন্তব্য আইপিএলের দলবদল নিয়ে নতুন এক সমীকরণ তৈরি করে দিয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত আম্বানিদের প্রস্তাব বৈভবকে মুম্বইয়ের দিকে টেনে নিয়ে যায় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *