হোয়াটসঅ্যাপে ঘরে বসে আয়ের সুযোগ, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন সাবস্ক্রিপশন ফিচার

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। মেটার মালিকানাধীন এই সংস্থাটি বর্তমানে এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, যার মাধ্যমে চ্যানেল অ্যাডমিনরা তাঁদের ফলোয়ারদের কাছ থেকে নির্দিষ্ট ফির বিনিময়ে সাবস্ক্রিপশন অফার করতে পারবেন। আপনি যদি নতুন কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার পরিকল্পনা করে থাকেন, তবে উপার্জনের এই সুযোগ কাজে লাগানোর এটাই সেরা সময়।
নতুন এই ফিচারের ফলে ক্রিয়েটররা তাঁদের সাবস্ক্রাইবারদের জন্য ‘এক্সক্লুসিভ’ বা বিশেষ কিছু কনটেন্ট শেয়ার করার সুযোগ পাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রিতে সমস্ত আপডেট দেখা গেলেও, আগামীতে নির্দিষ্ট কিছু প্রিমিয়াম কন্টেন্ট দেখার জন্য ব্যবহারকারীদের টাকা খরচ করতে হতে পারে। তবে এই সাবস্ক্রিপশন গ্রহণ করা বাধ্যতামূলক নয়; কোনো ইউজার তাঁর পছন্দের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কি না, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এই ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার সংখ্যার পাশাপাশি সাবস্ক্রাইবার সংখ্যা দেখার সুবিধাও যুক্ত করা হচ্ছে। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোন চ্যানেলটি বেশি জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য। সাবস্ক্রাইবারদের সংখ্যা দেখে ইউজাররা সিদ্ধান্ত নিতে পারবেন যে, সেই চ্যানেলের জন্য টাকা দেওয়া আদৌ যুক্তিযুক্ত হবে কি না। মূলত ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবং কনটেন্ট থেকে আয়ের পথ প্রশস্ত করতেই জুকারবার্গের সংস্থা এই উদ্যোগ নিয়েছে।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক স্তরে থাকলেও, এটি চালু হলে হোয়াটসঅ্যাপ কেবল যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, বরং আয়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। ডিজিটাল ক্রিয়েটরদের জন্য এটি একটি বড় মাইলফলক হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চ্যানেলের জনপ্রিয়তা এবং কনটেন্টের গুণমান বজায় রেখে এবার সহজেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে উপার্জনের পথ তৈরি করতে পারবেন পেশাদার ক্রিয়েটররা।