‘বাড়ি গিয়ে কী করব, কেউ তো অপেক্ষা করে নেই’ মাঝরাতে বৃদ্ধ অটোচালকের করুণ আকুতির ভিডিও ভাইরাল

মাঝরাতে যখন শহর ঘুমে মগ্ন, তখন জীবনযুদ্ধের রাস্তায় একাকী অটো চালিয়ে যাচ্ছেন ৬০ বছর বয়সি এক বৃদ্ধ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এই বৃদ্ধ অটোচালকের করুণ কাহিনী শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। কন্টেন্ট ক্রিয়েটর নিখিলের ক্যামেরায় ধরা পড়েছে এক নিঃসঙ্গ বাবার জীবনকাব্য, যেখানে উপার্জনের চেয়েও বড় হয়ে উঠেছে একাকীত্ব থেকে মুক্তির লড়াই।
ভিডিওটিতে দেখা যায়, মধ্যরাতে অটো চালানোর কারণ জানতে চাইলে বৃদ্ধ চালক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান, তাঁর কন্যারা বর্তমানে বিবাহিত এবং অন্য শহরে কর্মরত। গত কয়েক বছর আগে তাঁর স্ত্রীও পরলোকগমন করেছেন। দীর্ঘ ৩০ বছরের বিবাহিত জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় তাঁর স্ত্রী অধীর আগ্রহে তাঁর জন্য অপেক্ষায় থাকতেন। দেরি করে বাড়ি ফিরলে খুনসুটি আর অভিমানে ভরে উঠত সংসার। কিন্তু এখন সেই ঘর খাঁ খাঁ করে, সেখানে তাঁর জন্য প্রতীক্ষা করার মতো আর কেউ বেঁচে নেই।
বৃদ্ধ চালকের কথায়, মানুষ কাজের চাপে নয় বরং একাকীত্বের যন্ত্রণায় বেশি ক্লান্ত হয়ে পড়ে। বাড়ি ফিরলে স্ত্রীর অভাব আর শূন্যতা তাঁকে তাড়িয়ে বেড়ায়, তাই ক্লান্তি না আসা পর্যন্ত তিনি রাজপথেই সময় কাটান। বর্তমানে দেড় কোটিরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন যে, প্রিয়জনের সান্নিধ্যই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। পরিবারের গুরুত্ব এবং বৃদ্ধ বয়সে একাকীত্বের এই মর্মস্পর্শী দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় গভীর প্রভাব ফেলেছে।