ভোট ফুরোলেই বুলডোজার! পাণ্ডুয়ায় রেলের উচ্ছেদ অভিযানে গৃহহীন শতাধিক পরিবার

পাণ্ডুয়া: বিধানসভা নির্বাচনের উত্তাপ থিতিয়ে যেতেই হুগলির পাণ্ডুয়ায় শুরু হল রেলের উচ্ছেদ অভিযান। শনিবার রাতে আচমকাই বুলডোজার নিয়ে রেল কর্তৃপক্ষ অভিযানে নামলে পাণ্ডুয়া রেলপাড় এলাকার বহু মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বসতবাড়ি ও দোকানপাট।
ভোট মিটতেই কড়া পদক্ষেপ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু ভোটের সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও রেল কর্তৃপক্ষ নীরব ছিল। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরের দিনই ফের নতুন করে নোটিশ পাঠানো হয়। সেখানে মাত্র এক দিনের মধ্যে এলাকা খালি করার চরমপত্র দেওয়া হয়েছিল। এই স্বল্প সময়ের মধ্যে অনেকের পক্ষেই বিকল্প আশ্রয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
চরম দুর্ভোগে বাসিন্দারা
আচমকা বুলডোজার চলায় কার্যত খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে বহু পরিবারের। গৃহহীনদের একাংশের অভিযোগ, “ভোটের আগে আমাদের উচ্ছেদ করার সাহস দেখায়নি কেউ। কারণ তখন ভোট দরকার ছিল। ভোট মেটামাত্রই আমাদের ওপর বুলডোজার চালিয়ে দেওয়া হল।” কয়েকটা দিন সময় দিলে অন্তত প্রয়োজনীয় আসবাব ও মাথা গোঁজার বিকল্প জায়গা দেখা যেত বলে আক্ষেপ করছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে অনেককে রাস্তার ওপর বসেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
উত্তপ্ত পাণ্ডুয়া ও রাজনৈতিক চাপানউতোর
এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তার ওপর বসে প্রতিবাদও জানিয়েছেন। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী পক্ষ থেকে এই ঘটনাকে ‘অমানবিক’ বলে দাবি করা হলেও রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ভোটের পর এভাবে উচ্ছেদ অভিযান পাণ্ডুয়ার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। ঘরহারা মানুষগুলোর ভবিষ্যৎ ও পুনর্বাসন এখন বড়সড় প্রশ্নের মুখে।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।