শ্যামপুকুর থেকে খড়দা, বিপর্যয় ঘাসফুল শিবিরে! পরাজিত শশী পাঁজা ও স্বপন দেবনাথ

শ্যামপুকুর থেকে খড়দা, বিপর্যয় ঘাসফুল শিবিরে! পরাজিত শশী পাঁজা ও স্বপন দেবনাথ

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই একের পর এক হেভিওয়েট প্রার্থীর পরাজয়ে বড়সড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস। বিদায়ী মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য থেকে শুরু করে নতুন মুখ—বিজেপির ঝড়ে তছনছ হয়ে গেল তৃণমূলের একাধিক নিশ্চিত আসন। শ্যামপুকুর, খড়দা ও পূর্বস্থলী দক্ষিণের ফলাফল রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

শ্যামপুকুরে ১৫ হাজারে হার শশীর

শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বড়সড় অঘটন ঘটে গেল। বিদায়ী মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেত্রী শশী পাঁজা পরাজিত হলেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তীর কাছে। প্রায় ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। এই কেন্দ্রটি দীর্ঘকাল তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, ফলে শশী পাঁজার মতো হেভিওয়েট নেত্রীর এই পরাজয় জোড়াফুল শিবিরের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল।

খড়দায় জয়ী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী

উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্রেও পরাজয়ের মুখ দেখল তৃণমূল কংগ্রেস। এখানে সাংবাদিক তথা তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী। এই কেন্দ্রে সাংবাদিকতা বনাম শিক্ষকতার লড়াইয়ে শেষ পর্যন্ত মানুষের রায় গিয়েছে পদ্ম শিবিরের পক্ষেই। পরাজয়ের ব্যবধান তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে।

পূর্বস্থলী দক্ষিণে ধরাশায়ী স্বপন দেবনাথ

তৃণমূলের পরাজয়ের তালিকায় যুক্ত হয়েছে আরও এক গুরুত্বপূর্ণ নাম। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকার দাপুটে নেতা এবং প্রশাসনের দীর্ঘদিনের অভিজ্ঞ মুখ হওয়া সত্ত্বেও এবার ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁর থেকে। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে শাসক দলের এই সাজানো দুর্গ।

গণনার শুরুর দিকে যে আত্মবিশ্বাস তৃণমূল শিবিরের মধ্যে দেখা গিয়েছিল, এই বড় নামগুলোর পরাজয়ে সেখানে এখন কিছুটা হলেও ভাটা পড়েছে। অন্যদিকে, হেভিওয়েটদের পতন ঘটিয়ে বিজেপি শিবিরে এখন উল্লাসের মেজাজ।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *