তামিলনাড়ুতে ‘বিজয়’ উৎসব! থলপতির ঝড়ে তছনছ ডিএমকে দুর্গ, হারলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন

তামিলনাড়ুতে ‘বিজয়’ উৎসব! থলপতির ঝড়ে তছনছ ডিএমকে দুর্গ, হারলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন

চেন্নাই: বাংলার পাশাপাশি এবার দক্ষিণ ভারতেও ঘটে গেল নজিরবিহীন এক রাজনৈতিক পটপরিবর্তন। তামিলনাড়ুর দীর্ঘদিনের শক্তিশালী দল ডিএমকে-কে সরিয়ে জয়ের হাসি হাসল সুপারস্টার থলপতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগম’ (TVK)। এই পালাবদলের ঢেউয়ে খোদ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও নিজের গড় রক্ষা করতে ব্যর্থ হলেন। হাই-ভোল্টেজ কোলাথুর কেন্দ্রে করুণানিধি-পুত্রর এই পরাজয় তামিল রাজনীতির ইতিহাসে এক বড়সড় ধাক্কা।

কোলাথুরে স্ট্যালিনের পতন

২০১১ সাল থেকে কোলাথুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এমকে স্ট্যালিন। কিন্তু এবার থলপতি বিজয়ের সেনাপতি ভিএস বাবুর কাছে ৮ হাজার ৭৯৫ ভোটের ব্যবধানে পরাজিত হলেন তিনি। গণনা শুরুর প্রথম কয়েক রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে TVK প্রার্থীর লিড বাড়তে থাকে। এই পরাজয় কেবল স্ট্যালিনের ব্যক্তিগত হার নয়, বরং তাঁর সরকারের ওপর মানুষের অনাস্থারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।

কোলাথুর কেন্দ্রের ফলাফল এক নজরে:

  • জয়ী: ভিএস বাবু (TVK)
  • পরাজিত: এমকে স্ট্যালিন (DMK)
  • পরাজয়ের ব্যবধান: ৮,৭৯৫ ভোট
  • তৃতীয় স্থান: পি সান্থানা কৃষ্ণাণ (AIADMK)

থলপতি বিজয়ের রাজনৈতিক উত্থান

চলচ্চিত্র জগত থেকে রাজনীতিতে পা রেখেই যে এমন দাপট দেখাবেন থলপতি বিজয়, তা হয়তো অনেক বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকেরও ধারণার বাইরে ছিল। তামিলনাড়ুর মানুষ যে দীর্ঘদিনের ডিএমকে বনাম এআইএডিএমকে-র দ্বিমুখী লড়াইয়ের বাইরে বিকল্প খুঁজছিলেন, TVK-র এই জয় তারই প্রমাণ। চেন্নাই থেকে কন্যাকুমারী—সর্বত্রই এখন বিজয়ের দলের জয়জয়কার।

ডিএমকে-র অস্বস্তি

নিজেদের খাসতালুকে বিদায়ী মুখ্যমন্ত্রীর এমন হার মেনে নিতে পারছে না ডিএমকে নেতৃত্ব। দলের অন্দরে ইতিমধ্যেই পরাজয়ের ময়নাতদন্ত শুরু হয়েছে। স্ট্যালিনের পরাজয় এবং ডিএমকে-র এই বিপর্যয় দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করল। থলপতি বিজয়ের এই ‘বিজয়’ আগামী দিনে তামিলনাড়ুর প্রশাসনিক কাঠামোয় কী ধরণের বদল আনে, সেটাই এখন দেখার।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *