“অন্যায় দেখলে ‘না’ বলতে শিখুন”, কাজ শুরুর প্রথম দিনেই আমলাদের শিরদাঁড়া সোজা করার দাওয়াই শুভেন্দুর

“অন্যায় দেখলে ‘না’ বলতে শিখুন”, কাজ শুরুর প্রথম দিনেই আমলাদের শিরদাঁড়া সোজা করার দাওয়াই শুভেন্দুর

রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে পা রেখেই আমলাতন্ত্রের কর্মসংস্কৃতিতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের কাজে তোষামোদ নয়, বরং স্বচ্ছতা এবং জনপরিষেবাই হবে অগ্রাধিকার। গত দেড় দশকের কাজের ধরন নিয়ে সমালোচনা করে তিনি আমলাদের নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।

স্বচ্ছতা ও সরাসরি যোগাযোগে জোর

প্রশাসনিক কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে সমস্ত দফতরের সচিবদের নিয়ে একটি বিশেষ যোগাযোগ গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমলাদের মনোবল বাড়াতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, জনসমক্ষে কোনো আধিকারিককে আসাম্মান করার সংস্কৃতি আর থাকবে না। একইসঙ্গে সরকারি কাজে বা প্রচারের ক্ষেত্রে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ শব্দবন্ধটি ব্যবহারের প্রয়োজনীয়তা নেই বলে তিনি কঠোর নির্দেশ দিয়েছেন। মূলত সরকারি স্তরে ব্যক্তিপূজার অবসান ঘটিয়ে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা আনাই তাঁর লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় প্রকল্প ও আর্থিক শৃঙ্খলার বার্তা

রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি অর্থের অপচয় বন্ধ করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমলাদের প্রতি তাঁর কড়া বার্তা, অন্যায় দেখলে সরাসরি ‘না’ বলার সাহস অর্জন করতে হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলো দ্রুত চালু করা এবং কেন্দ্রীয় তহবিল নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। নির্বাচনের আগে দেওয়া ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমলাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করার পাশাপাশি ‘কথা কম, কাজ বেশি’—এই মন্ত্রেই নতুন প্রশাসন পরিচালিত হবে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর এই কড়া ও স্বচ্ছ অবস্থান রাজ্যের প্রশাসনিক কাঠামোয় এক নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একদিকে তোষামোদ বন্ধের নির্দেশ এবং অন্যদিকে আমলাদের প্রাপ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি—উভয় দিক বজায় রেখে সরকার ও প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনই এখন শুভেন্দু অধিকারীর প্রধান চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *