নিজের গাড়ি নিয়ে নেপাল ভ্রমণে নতুন কড়াকড়ি, না জানলে হতে পারে বড় বিপদ!

নিজের গাড়ি নিয়ে নেপাল ভ্রমণে নতুন কড়াকড়ি, না জানলে হতে পারে বড় বিপদ!

ব্যক্তিগত গাড়ি কিংবা বাইক নিয়ে হিমালয়ের দেশ নেপাল ভ্রমণে ইচ্ছুক ভারতীয় পর্যটকদের জন্য জারি হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম। নেপালের বলেন শাহ সরকার দেশের রাজস্ব বৃদ্ধি এবং সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণের লক্ষ্যে ‘টেম্পোরারি ইমপোর্ট ভেহিকল’ সিস্টেমে আমূল পরিবর্তন এনেছে। এখন থেকে ভারতীয় নম্বরের গাড়ি নিয়ে নেপালে প্রবেশের ক্ষেত্রে শুধু কড়াকড়িই নয়, থাকার সময়সীমার ওপরও জারি হয়েছে কঠোর বিধিনিষেধ।

অনলাইন নিবন্ধন ও ডিজিটাল পারমিট বাধ্যতামূলক

নেপাল সরকারের নয়া ফরমান অনুযায়ী, ভারতীয় নম্বরের কোনো গাড়ি বা বাইক নেপালে প্রবেশ করার আগেই ‘টেম্পোরারি ইমপোর্ট ভেহিকল’ সিস্টেমে অনলাইনে তথ্য নথিভুক্ত করতে হবে। নতুন ডিজিটাল পোর্টালে ঘরে বসেই গাড়ির তথ্য জমা দিয়ে নির্ধারিত ফি মেটানো যাবে। পেমেন্ট সম্পন্ন হলে পর্যটকের ই-মেলে একটি কিউআর কোড পাঠানো হবে, যা ডিজিটাল পারমিট হিসেবে গণ্য হবে। সীমান্ত পয়েন্টে এই কিউআর কোড স্ক্যান করার ব্যবস্থা থাকছে, যার ফলে সীমান্তে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমবে বলে দাবি করেছে নেপালের অর্থ মন্ত্রকের ‘ডিপার্টমেন্ট অফ কাস্টমস’।

সময়সীমা ও পরিচয়পত্রের কড়া নিয়ম

নতুন নিয়মে ভারতীয় নম্বরের কোনো গাড়ি এক বছরে সর্বোচ্চ ৩০ দিনের বেশি নেপালে থাকার অনুমতি পাবে না। এই ৩০ দিন পর্যটক চাইলে একবারে কাটাতে পারেন অথবা একাধিক সফরের মাধ্যমে ভাগ করেও নিতে পারেন। তবে কোনোভাবেই এই সময়সীমা বাড়ানো হবে না। পাশাপাশি, এখন থেকে ভ্রমণে আসা ভারতীয় নাগরিকদের সঙ্গে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা [Aadhaar Redacted] এর মতো বৈধ পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। নিয়ম লঙ্ঘন করলে মোটা টাকা জরিমানা থেকে শুরু করে গাড়ি বাজেয়াপ্ত ও নিলাম হওয়ার ঝুঁকিও থাকছে।

রাজস্ব রক্ষা ও অনুপ্রবেশ ঠেকানোর কৌশল

বিশেষজ্ঞদের মতে, ভারত থেকে সস্তায় গাড়ি কিনে নেপালে দীর্ঘমেয়াদে চালানোর যে প্রবণতা তৈরি হয়েছিল, তা রুখতেই এই কঠোর পদক্ষেপ। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলের মতে, ডিজিটাল এই ব্যবস্থা কর ফাঁকি বন্ধ করবে এবং স্বচ্ছতা আনবে। ভারতীয় ট্যুর অপারেটরদের মতে, এই নিয়মে সাধারণ পর্যটকদের খুব একটা সমস্যা হবে না, কারণ খুব কম পর্যটকই টানা এক মাসের বেশি নেপালে থাকেন। মূলত ট্যাক্স ফাঁকি দিয়ে নেপালে ভারতীয় গাড়ি চালানোর পথ বন্ধ করতেই এই নয়া প্রশাসনিক উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *