অকালপ্রয়াত মুলায়ম পুত্র প্রতীক যাদব, ৩৮ বছরেই নিভে যাওয়া জীবন ঘিরে দানা বাঁধছে রহস্য

অকালপ্রয়াত মুলায়ম পুত্র প্রতীক যাদব, ৩৮ বছরেই নিভে যাওয়া জীবন ঘিরে দানা বাঁধছে রহস্য

ভারতের উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী পরিবারে শোকের ছায়া। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র এবং অখিলেশ যাদবের ভাই প্রতীক যাদবের আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে লখনউয়ে। বুধবার ভোরে মাত্র ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর এই অকালমৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্য়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য ও ময়নাতদন্ত

বুধবার ভোর ৬টা নাগাদ অচৈতন্য অবস্থায় প্রতীককে লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে। এমনকি ময়নাতদন্তের আগে তাঁর বুকের এক্স-রে করার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞরা। যে হাসপাতালে মরদেহ রাখা হয়েছে, সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। সম্প্রতি অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও, ঠিক কী কারণে হঠাৎ তাঁর মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

ব্যক্তিগত টানাপড়েন ও রাজনৈতিক দূরত্ব

পারিবারিক পরিচয়ে রাজনীতির আবহ থাকলেও প্রতীক যাদব নিজেকে সবসময়ই মূলধারার রাজনীতি থেকে দূরে রেখেছিলেন। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী রিয়েল এস্টেট এবং ফিটনেস ব্যবসায় নিজের পরিচিতি গড়েছিলেন। তবে গত কয়েক মাস ধরে স্ত্রী অপর্ণা যাদবের সঙ্গে তাঁর সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। সমাজমাধ্যমে স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রতীক অভিযোগ করেছিলেন যে, অপর্ণা পরিবার ধ্বংস করছেন। চলতি মাসের শুরুতেই তিনি বিবাহবিচ্ছেদের ঘোষণাও করেছিলেন।

পারিবারিক কলহ এবং আকস্মিক এই মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে স্থানীয় মহলে গুঞ্জন শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এই রহস্যের জট খুলবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে পরিচিত এই ব্যক্তিত্বের অকালপ্রয়াণে যাদব পরিবারে শোকের আবহ বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *