প্রচণ্ড দাহদাহে স্বস্তি দিয়ে বাড়ল স্কুলের গরমের ছুটির মেয়াদ

রাজ্যে নতুন সরকার শপথ গ্রহণের পরপরই জনস্বার্থে বড়সড় সিদ্ধান্ত নিল প্রশাসন। তীব্র দাবদাহের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে স্কুলগুলোতে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করার ঘোষণা করা হয়েছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শিক্ষা দফতরের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল পুনরায় খুলবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, গত ১১ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল এবং ১৮ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে ছুটির মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। এই নির্দেশিকা প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—সব স্তরের স্কুলের জন্যই কার্যকর হবে। তবে পাহাড়ি অঞ্চলের স্কুলগুলো এই বর্ধিত ছুটির আওতার বাইরে থাকছে।
ছুটির কারণ ও জনজীবনে প্রভাব
শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গসহ রাজ্যের বিভিন্ন জেলায় গরমের দাপট অব্যাহত থাকায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ। টানা ছুটিতে পঠনপাঠনের কিছুটা ক্ষতি হলেও শিশুদের শারীরিক ঝুঁকি এড়াতে বিকল্প কোনো পথ ছিল না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ১ জুন স্কুল খোলার পাশাপাশি এদিন থেকেই রাজ্যে নারীদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা এবং বর্ধিত ভাতার নতুন প্রকল্পগুলো চালু হওয়ার কথা রয়েছে।
প্রশাসনিক তৎপরতা ও সামাজিক সুরক্ষা
এদিন নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, রাজ্যের কোনো চলমান সামাজিক প্রকল্প বন্ধ হবে না। বরং বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাল বা ‘পেপারলেস’ করার ওপর জোর দিয়েছে নতুন সরকার। একইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মতো নতুন উদ্যোগগুলোও জুন মাস থেকে ধাপে ধাপে কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে।