শপথের দিনেই বিধানসভায় বড় চমক, এবার কি তবে বিজেপির পথে মদন মিত্র

রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ চড়িয়ে বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখোমুখি হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র ও বিজেপি বিধায়ক অর্জুন সিং। বুধবার বিধানসভা চত্বরে দুই নেতার সৌজন্য বিনিময় ছাপিয়ে বড় হয়ে উঠেছে অর্জুন সিংয়ের একটি মন্তব্য। কামারহাটির বিধায়ককে পাশে নিয়ে অর্জুন দাবি করেন, মদন মিত্র যেকোনো সময় বিজেপিতে যোগ দিতে পারেন। এই মন্তব্যে মদন মিত্র সরাসরি কোনো প্রতিবাদ না করায় রাজনৈতিক মহলে দলবদলের গুঞ্জন নতুন করে দানা বেঁধেছে।
পুরানো তিক্ততা ভুলে নতুন রসায়ন
এক সময় মদন মিত্র ও অর্জুন সিংয়ের রাজনৈতিক লড়াই এবং বাদানুবাদ ছিল শিরোনামে। তবে এদিন বিধানসভার অলিন্দে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। একে অপরকে আলিঙ্গন করার পাশাপাশি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ মেজাজে ধরা দেন দুই নেতা। অর্জুন সিং যখন হাসতে হাসতে বলেন, “মদনদা যেকোনো সময় আমাদের সঙ্গে চলে আসবে, ও লাভলি,” তখন মদন মিত্রকে মৃদু হাসতে দেখা যায়। কোনো প্রতিবাদ না করে অর্জুনের কাঁধে হাত রেখে তাঁর দাঁড়িয়ে থাকা রাজনৈতিক বিশ্লেষকদের মতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
তৃণমূলের অন্দরে অস্বস্তি ও ক্ষোভ
বিধানসভার পরিবেশ নিয়ে মদন মিত্রের সাম্প্রতিক প্রতিক্রিয়াও এই জল্পনাকে ইন্ধন জুগিয়েছে। শপথ নেওয়ার পর তিনি আক্ষেপ প্রকাশ করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে এবারের বিধানসভা নিয়ে তিনি ব্যক্তিগতভাবে ভেঙে পড়েছেন। ২০১১ সালের জয়ের সেই উচ্ছ্বাস এবার কোথাও নেই বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের গুরুত্ব কমে যাওয়াই মদন মিত্রকে এমন নেতিবাচক মন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত এই ‘সৌজন্য’ বড় কোনো দলবদলের রূপ নেয় কি না, তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।