হাতের মুঠো থেকে ফসকে গেল ট্রফি, রোনাল্ডোর কান্নাভেজা রাতে নাটকীয় ড্র আল নাসেরের

হাতের মুঠো থেকে ফসকে গেল ট্রফি, রোনাল্ডোর কান্নাভেজা রাতে নাটকীয় ড্র আল নাসেরের

ফুটবল বিধাতা যে কতটা নিষ্ঠুর হতে পারেন, মঙ্গলবার রাতে আল হিলাল বনাম আল নাসের ম্যাচে তা আরও একবার প্রমাণিত হলো। লিগ শিরোপা জয়ের খুব কাছে পৌঁছেও মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ট্রফি ছোঁয়ার স্বপ্ন অধরা থেকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের বিরুদ্ধে জয়ের দোরগোড়া থেকে নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আল নাসেরকে, যা পর্তুগিজ মহাতারকাকে ভাসিয়েছে চোখের জলে।

শেষ মুহূর্তের ভুলে স্বপ্নভঙ্গ

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় আল নাসের। ৩৭ মিনিটে মহম্মদ সিমাকানের দর্শনীয় গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের নির্ধারিত সময় গড়িয়ে অতিরিক্ত সময়েও যখন আল নাসের জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই ঘটে ছন্দপতন। অতিরিক্ত সময়ের নবম মিনিটে একটি আত্মঘাতী ভুলের মাসুল দিতে হয় তাদের। আল হিলালের একটি লম্বা থ্রো ক্লিয়ার করতে গিয়ে গোলকিপার বেন্তোর ভুলে বল জালে জড়িয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে গোলটি হজম করায় নিশ্চিত জয় হাতছাড়া হয় রোনাল্ডোদের।

ডাগআউটে স্তব্ধ মহাতারকা

ম্যাচের শেষ দিকে মাঠ থেকে উঠে ডাগআউটে বসেছিলেন সিআর সেভেন। দলের এমন নাটকীয় অবনতি দেখে প্রথমে হতাশায় মুচকি হাসলেও পরক্ষণেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ক্যামেরায় ধরা পড়ে এই কিংবদন্তির ছলছলে চোখ। তবে ট্রফি জয়ের স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। আগামী সপ্তাহে দামাকের বিরুদ্ধে জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত করবে আল নাসের। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশ্যে রোনাল্ডো বার্তা দিয়েছেন, শিরোপার স্বপ্ন এখন খুব কাছে এবং এই ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়াতে চান তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *