ওয়েটিং টিকিটের দিন শেষ, কনফার্মেশনের গ্রাফ জানাবে রেলের এআই প্রযুক্তি!

ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ওয়েটিং লিস্টের অনিশ্চয়তা যাত্রীদের অন্যতম বড় মাথাব্যথার কারণ। অনেক সময়ই শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হওয়ায় বাতিল করতে হয় পুরো ভ্রমণ পরিকল্পনা। তবে যাত্রীদের এই ভোগান্তি দূর করতে এবার আধুনিক প্রযুক্তির হাত ধরল ভারতীয় রেলওয়ে। রেল মন্ত্রকের নতুন অ্যাপ ‘রেলওয়ান’ (RailOne)-এ যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। এই বিশেষ ফিচারের মাধ্যমে টিকিট কাটার আগেই যাত্রীরা জানতে পারবেন তাঁদের ওয়েটিং লিস্টের টিকিটটি আদেও কনফার্ম হবে কি না।
যেভাবে কাজ করবে এই আধুনিক প্রযুক্তি
রেলওয়ান অ্যাপে কোনো যাত্রী যখনই ওয়েটিং লিস্টে থাকা ট্রেনের টিকিট কাটতে যাবেন, তখন ব্যাকএন্ডে সক্রিয় হয়ে উঠবে এআই সিস্টেম। এই ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ট্রেনের পূর্ববর্তী বুকিং ট্রেন্ড, টিকিট বাতিলের হার (ক্যানসেলেশন প্যাটার্ন), সিটের প্রাপ্যতা এবং নির্দিষ্ট রুটের চাহিদার মতো যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য বিশদভাবে বিশ্লেষণ করবে। সমস্ত ডেটা পর্যালোচনার পর সিস্টেমটি টিকিটের কনফার্ম হওয়ার সম্ভাব্য শতাংশ যাত্রীর সামনে প্রদর্শন করবে। পূর্বে এই প্রেডিকশন সিস্টেমের নির্ভুলতার হার মাত্র ৫৩ শতাংশ থাকলেও, সাম্প্রতিক আপগ্রেডের পর এর কার্যকারিতা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৯৪ শতাংশে।
যাত্রী ভোগান্তি ও আর্থিক ক্ষতি হ্রাস
ব্যস্ত রুটের দূরপাল্লার ট্রেনগুলোর ক্ষেত্রে এই ফিচারটি গেমচেঞ্জার হিসেবে প্রমাণিত হতে চলেছে। টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কম থাকলে যাত্রীরা শুরুতেই বিকল্প ট্রেনের সন্ধান করতে পারবেন। এর ফলে শেষ মুহূর্তে এসে যাত্রা বাতিলের মানসিক হয়রানি যেমন কমবে, তেমনই টিকিট ক্যানসেলেশনের মাশুল বাবদ আর্থিক ক্ষতি থেকেও রেহাই পাবেন সাধারণ মানুষ।
এক অ্যাপেই মিলবে একাধিক সুবিধা
এআই ভিত্তিক এই প্রেডিকশন ফিচার ছাড়াও রেলওয়ান অ্যাপে যুক্ত রয়েছে একগুচ্ছ নাগরিক পরিষেবা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা খুব সহজেই দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন, লোকাল ট্রেনের জেনারেল টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। একই সঙ্গে রয়েছে লাইভ ট্রেন ট্র্যাকিং এবং যেকোনো সমস্যায় সরাসরি অভিযোগ দায়ের করার সুবিধাও। বিশেষ আকর্ষণ হিসেবে, এই অ্যাপ থেকে জেনারেল বা সাধারণ টিকিট কাটলে যাত্রীদের সরাসরি ৩ শতাংশ ছাড় দেওয়ার সুবিধাও চালু করেছে রেল মন্ত্রক।