ক্র্যাশ ডায়েট বা জিমকে বুড়ো আঙুল দেখিয়ে ঝড়ের গতিতে ওজন কমাবে জীবনযাত্রার এই ৭ সহজ বদল!

আজকের ব্যস্ত জীবনে ওজন কমানো যেন এক অন্তহীন যুদ্ধ। মেদ ঝরাতে অনেকেই জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান, কেউ আবার পছন্দের সব খাবার ত্যাগ করে ক্র্যাশ ডায়েটের পথ বেছে নেন। কিন্তু এত কষ্টের পরেও বেশিরভাগ সময়েই মনের মতো ফল মেলে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওজন কমার আসল চাবিকাঠি লুকিয়ে রয়েছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার ছোট ছোট অভ্যাসের মধ্যে। লাইফস্টাইলের কিছু সাধারণ ভুলভ্রান্তির কারণেই মূলত মেদ ঝরার প্রক্রিয়াটি থমকে যায়। প্রতিদিনের রুটিনে সামান্য কিছু পরিবর্তন আনলে কোনো বাড়তি মানসিক চাপ ছাড়াই শরীরকে ফিট ও চাঙ্গা রাখা সম্ভব।
খাদ্যাভ্যাসে আনুন এই জরুরি পরিবর্তন
সকালের জলখাবারে কার্বোহাইড্রেট বা শর্করার বদলে ডিম, টক দই, দুধ, পনির বা ডালের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার রাখা জরুরি। প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট শরীরে দীর্ঘক্ষণ শক্তির জোগান দেয় এবং পেট ভরিয়ে রাখে, ফলে আসাময়ে আজেবাজে জিনিস খাওয়ার প্রবণতা কমে। এছাড়া দুপুরের বা রাতের প্রধান খাবার খাওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে এক গ্লাস জল খাওয়ার অভ্যাস করা উচিত। এতে শরীর যেমন হাইড্রেটেড থাকে, তেমনই প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়ার ঝুঁকি কমে যায়। খাবার খাওয়ার সময় খুব দ্রুত শেষ না করে সবসময় ভালো করে চিবিয়ে এবং সময় নিয়ে খাওয়া উচিত। এতে হজম প্রক্রিয়া ভালো হয় এবং পেট যে ভরে গিয়েছে, সেই সংকেত মস্তিষ্ক দ্রুত পায়।
সচেতনতা ও শারীরিক সক্রিয়তাই মেদ ঝরানোর আসল চাবিকাঠি
এক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করার অভ্যাস ওজন বাড়ার অন্যতম প্রধান কারণ। তাই জিম না করলেও লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা কিংবা কাজের ফাঁকে একটু উঠে দাঁড়ানোর মতো ছোট ছোট পদক্ষেপে শরীরকে সচল রাখা প্রয়োজন। কাজের ফাঁকে চিপস, বিস্কুট খাওয়ার মতো ‘আনমাইন্ডফুল স্ন্যাকিং’ এড়াতে মুখে কিছু তোলার আগে নিজের খিদে সম্পর্কে সচেতন হওয়া জরুরি। এই অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে ফল বা ড্রাই ফ্রুটসের মতো পুষ্টিকর স্ন্যাকস চোখের সামনে এবং ভাজাভুজি বা কোল্ড ড্রিঙ্কস চোখের আড়ালে রাখা যেতে পারে। পাশাপাশি, দুপুর বা রাতে ভারী খাবার খাওয়ার পরপরই বিছানায় শুয়ে পড়ার অভ্যাস ত্যাগ করে অন্তত ১০ মিনিট হালকা পায়চারি করা উচিত। এটি খাবার দ্রুত হজম করতে এবং শরীরে মেদ জমতে বাধা দিতে দারুণ কাজ করে।