ম্যাচ শেষে হেডের দিকে তাকিয়েও হাত বাড়ালেন না কোহলি! হার মানতে না পারার রাগ?

বিশাল হারের জ্বালায় ট্র্যাভিস হেডের হাত ফেরালেন বিরাট কোহলি! আইপিএলের মেগা ম্যাচে নতুন করে মাথাচাড়া দিল হ্যান্ডশেক বিতর্ক। অতীতে এশিয়া কাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের ভেতরের বৈরিতা করমর্দন না করার রূপ নিয়েছিল। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও ফিরে এলো সেই একই ছবি। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর অজি তারকা হেডের সঙ্গে কোহলির এই আচরণ নিয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
মাঠের উত্তাপ গড়াল ম্যাচ শেষে
শুক্রবার রাতের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিস্ফোরণের মুখে পড়ে বড় ব্যবধানে হেরেছে শীর্ষে থাকা আরসিবি। হায়দরাবাদের দেওয়া ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২০০ রানেই থমকে যায় বেঙ্গালুরুর ইনিংস। নিজে মাত্র ১৫ রানে আউট হওয়ার পাশাপাশি দলের ৫৫ রানের এই বড় পরাজয় সহজভাবে নিতে পারেননি কোহলি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্যাট কামিন্স বা অভিষেক শর্মাদের সঙ্গে স্বাভাবিকভাবে হাত মেলালেও ট্র্যাভিস হেড হাত বাড়িয়ে দিলে কোহলি তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে এড়িয়ে যান। অজি তারকা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে পরে সামনে এগিয়ে যান।
কারণ যখন পুরনো বৈরিতা ও আগ্রাসন
ম্যাচ চলাকালীন দুই তারকার মধ্যে তৈরি হওয়া তীব্র মানসিক লড়াই-ই এই ঘটনার মূল কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। হায়দরাবাদের ব্যাটিংয়ের সময় হেড আউট হওয়ার পর আরসিবি শিবিরের আগ্রাসী উদযাপন পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পরবর্তীতে বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময় হেডের সঙ্গে কোহলিকে তীব্র বাক্যবিনিময়ে জড়াতে দেখা যায়, যেখানে হেডকে বল করার জন্য উসকানিও দেন কোহলি। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে হেড বোলিংয়ে এসে আরসিবি অধিনায়ক রজত পাতিদারকে আউট করলে বেঙ্গালুরুর জয়ের সব আশা শেষ হয়ে যায়। মাঠের সেই ক্ষোভ ও স্লেজিংয়ের জের ধরেই ম্যাচ শেষে কোহলি এই কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকেটীয় সৌজন্যে বড় আঘাত
কোহলির মতো একজন বিশ্বমানের ক্রিকেটারের এমন আচরণে আইপিএলের ‘স্পিরিট অব ক্রিকেট’ বা ক্রিকেটীয় সৌজন্য নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। টুর্নামেন্টের প্লে-অফের ঠিক আগে শীর্ষ সারির দুই তারকার এই বৈরিতা আগামী ম্যাচগুলোর আবহকে আরও বেশি উত্তপ্ত করে তুলতে পারে। এই ঘটনার রেশ ধরে দুই দলের পরবর্তী লড়াইগুলোতে মাঠের ভেতরের স্লেজিং ও অনভিপ্রেত বিতর্ক আরও বাড়ার আশঙ্কা তৈরি হলো।
Virat Kohli didn’t shake hands with Travis Head after the match ended. pic.twitter.com/74UEXm1aUV
— Cricketopia (@CricketopiaCom) May 22, 2026