আদালতে বিরাট জয় ভিনেশের, ফেডারেশনের আপত্তি উড়িয়ে মিলল এশিয়াডের ট্রায়ালে নামার ছাড়পত্র

লড়াইটা আবারও জিতে গেলেন ভিনেশ ফোগাট। ২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর ফের ম্যাটে ফিরছেন এই বিখ্যাত রেসলার তথা কংগ্রেস নেত্রী। আসন্ন এশিয়ান গেমসের জন্য ট্রায়ালে নামতে পারবেন তিনি। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া নানা অজুহাতে ভিনেশের এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়া আটকাতে চাইছিল, তবে দিল্লি হাই কোর্টের নির্দেশে সেই সব বাধা কেটে গেল।
২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নিয়েছিলেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। তাঁর পরিকল্পনা ছিল, আগামী মাসে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে। নিয়ম অনুযায়ী, ২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ ফেডারেশন কাপের পদকজয়ীরা নামতে পারবেন ট্রায়ালে। এছাড়া ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে পদকজয়ীরাও ট্রায়ালে নামার সুযোগ পাবেন। কিন্তু শেষ মুহূর্তে নতুন নিয়মে এনে ভিনেশের জন্য ফেরার পথ বন্ধ করে দেয় ফেডারেশন। সাফ জানিয়ে দেওয়া হয়, ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে নামতে পারবেন না। কেবল জাতীয় চ্যাম্পিয়নশিপ, ফেডারেশন কাপ এবং অনূর্ধ্ব ২০ জাতীয় চ্যাম্পীশিপের পদকজয়ীরা নামতে পারবেন এশিয়ান গেমসের ট্রায়ালে। এই সময়সীমার মধ্যে কোনও টুর্নামেন্টেই নামেননি ভিনেশ। ফলে এশিয়ান গেমসের ট্রায়ালে নামার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় তাঁর জন্য।
রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ও আদালতের হস্তক্ষেপ
ভিনেশ শিবিরের অভিযোগ ছিল, শুধু রাজনৈতিক ষড়যন্ত্রেই তাঁর এশিয়াডে ফেরার রাস্তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ফেডারেশনের অবস্থানে দমে না গিয়ে, অনুশীলন শুরু করেন ভিনেশ। ব্রিজভূষণের গড় গোন্ডায় এবারের চ্যাম্পিয়নশিপ এবং ট্রায়াল অনুষ্ঠিত হবে। সেই ট্রায়ালে অংশ নেওয়ার জন্য পৌঁছেও যান তিনি। কিন্তু ফেডারেশন কোনওভাবেই তাঁকে অনুমতি দিতে চায়নি। পালটা ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান ভিনেশ। সেই মামলার প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট জানিয়ে দিল, ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশগ্রহণ করতে দিতে হবে। তাঁর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিটের সেই সুযোগ প্রাপ্য।
ঘটনার প্রভাব
আদালতের এই রায়ের ফলে দীর্ঘ টালবাহানার পর স্বস্তি পেলেন ভিনেশ ফোগাট। ফেডারেশনের তৈরি করা নিয়মের গেরো পেরিয়ে দেশের অন্যতম সেরা কুস্তিগিরের আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের রাস্তা পরিষ্কার হলো। তবে ব্রিজভূষণের গড় হিসেবে পরিচিত গোন্ডায় এই ট্রায়াল হতে চলায়, সেখানে নিরপেক্ষতা কতটা বজায় থাকবে তা নিয়ে ক্রীড়ামহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।