১০ দিনে ৪ বার দামবৃদ্ধি, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল ও নাভিশ্বাস আমজনতার

দেশে লোকসভা নির্বাচন মেটার পর থেকেই লাগামহীনভাবে ছুটছে জ্বালানি তেলের দাম। গত ১০ দিনের মধ্যে সোমবার চতুর্থবারের জন্য বাড়ল পেট্রল ও ডিজেলের মূল্য। নতুন করে দাম বাড়ার ফলে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেল মিলবে ৯৯ টাকা ৮২ পয়সায়। মাত্র ১০ দিনের ব্যবধানে লিটার প্রতি তেলের দাম ৭ টাকারও বেশি বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো দেশের অন্যান্য মেট্রো শহরগুলিতেও জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা ও ডিজেল ৯৫.২০ টাকা এবং মুম্বইতে পেট্রল ১১১.২১ টাকা ও ডিজেল ৯৭.৮৩ টাকায় বিকোচ্ছে।
বিশ্ববাজারের চাপ ও মূল্যবৃদ্ধির কারণ
তৈল সংস্থাগুলির সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীর সংকটের জেরে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশের বাজারেও তেলের দাম বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে সরকারের ওপর চাপ দিচ্ছিল রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থাগুলি। বঙ্গে ভোটপ্রক্রিয়া চলাকালীন দাম অপরিবর্তিত রাখা হলেও, নির্বাচন মিটতেই গত ১৫ মে থেকে দফায় দফায় দাম বাড়ানো শুরু হয়, যা সোমবারও অব্যাহত রয়েছে।
অর্থনীতি ও জনজীবনে সম্ভাব্য প্রভাব
জালানি তেলের এই লাগাতার মূল্যবৃদ্ধির জেরে দেশজুড়ে পরিবহণ খরচ একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমিধ্যেই বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি ভাড়া বাড়ানোর দাবিতে সরকারকে চিঠি দিতে শুরু করেছে। পণ্যবাহী লরি ও ট্রাকের ভাড়া বাড়লে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তেলের দাম বাড়ার প্রত্যক্ষ প্রভাবে বাজারে ইতিমধ্যেই দুধ ও রুটির মতো অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে, যা আগামী দিনে সার্বিক মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে।