তৃণমূল নেতাকে অন্তর্বাস পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য সাঁকরাইলে

হাওড়ার সাঁকরাইলে এক প্রভাবশালী তৃণমূল নেতা তথা হোমগার্ডকে অন্তর্বাস পরিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর ঘটনা সামনে এসেছে। ধৃত ব্যক্তির নাম সানি মোল্লা, যিনি এলাকায় ‘তৃণমূলের ছোটা ডন’ নামে পরিচিত। আকাশ সিংয়ের ঘটনার পর এবার সানি মোল্লার এই প্রকাশ্য প্যারেডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
অভিযোগের পাহাড় ও পুলিশের পদক্ষেপ
পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় হোমগার্ড হলেও সানি মোল্লার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর অভিযোগ উঠছিল। সাধারণ মানুষকে হুমকি দেওয়া, সিন্ডিকেট রাজ চালানো, তোলাবাজি এবং এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাস ছড়ানোর মতো একাধিক অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল বলে দাবি স্থানীয়দের। লাগাতার অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এলাকায় তার দাপট কমাতে ও সাধারণ মানুষের ভয় দূর করতে এই পদক্ষেপ নেয় বলে মনে করা হচ্ছে।
ভাইরাল ভিডিও এবং মিশ্র প্রতিক্রিয়া
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রকাশ্য রাস্তায় পুলিশ পাহারায় কেবল গেঞ্জি ও আন্ডারওয়ার পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সানি মোল্লাকে। তবে এই ঘটনায় সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ধৃত তৃণমূল নেতার অভিব্যক্তি। প্রকাশ্য রাস্তায় এমন চরম অপদস্থ হওয়ার পরেও সানির মুখে অনুশোচনার কোনও লক্ষণ দেখা যায়নি, বরং পুলিশের গাড়ির দিকে যাওয়ার সময় তাকে ক্যামেরার সামনে হাসতে দেখা গেছে। এই হাসির পেছনে রাজনৈতিক ছত্রছায়ায় থাকার অহংকার নাকি ঔদ্ধত্য কাজ করছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা ও রাজনৈতিক প্রভাব
এই ঘটনার ফলে স্থানীয় আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে অপরাধীদের মনে ভয় ধরাতে পুলিশের এই কঠোর রূপকে অনেকে স্বাগত জানাচ্ছেন, অন্যদিকে একজন সরকারি কর্মী এবং রাজনৈতিক দলের নেবাকে এভাবে প্রকাশ্যে প্যারেড করানো মানবাধিকার লঙ্ঘন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই প্যারেডের ফলে এলাকায় অপরাধমূলক কার্যকলাপে সাময়িক লাগাম টানা সম্ভব হলেও, রাজনৈতিক মহলে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।